# Tags

ভারতীয় হাই কমিশনের উদ্যোগে পঞ্চগড়ে ইয়োগা রানআপ অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি-আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস। এ উপলক্ষে পঞ্চগড়ে ভারতীয় হাই কমিশন ও পঞ্চগড় জেলা পরিষদের যৌথ আয়োজনে রানআপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ চত্ত্বরে ওই রানআপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় দূতাবাসের রাজশাহীর সহকারি হাই কমিশনার মনোজ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রধান অতিথি ছিলেন। এতে জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সিফাত-ই-রাব্বান, পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেহ সহ সভাপতি মেহেদি হাসান খান বাবলা, পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন ডালিসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন। বক্তরা শারিরীক সুস্থতা নিশ্চিতে যোগ ব্যায়াম করতে সকলকে আহ্বান জানান। পরে পঞ্চগড় ইয়োগা ক্লাবের সদস্যরা যোগ ব্যায়াম প্রদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রতিদিন অন্তত তিনবার না হলেও অন্তত একটিবার আমরা যেন ইয়োগা করি। যার যেটুকু সময় পাওয়া যায় দলগতভাবে, পারিবারিকভাবে, সন্তানদের সমন্বয়ে, স্ত্রী-সন্তানদেরকে নিয়ে অথবা এককভাবেও আমরা ঘরের বারান্দায় বা বিভিন্ন সুন্দর একটি নিরিবিলি জায়গায় আমরা যদি এটা করতে পারি। আমার বিশ্বাস আমরা নিজেকে অনেক সংশোধিত করতে পারব।
ভারতীয় সহকারি হাই কমিশনার মনোজ কুমার বলেন, ইয়োগা এখন বিশ্বের অনেক দেশে প্রচলিত হয়েছে। সবাই এই ব্যায়ামের মাধ্যমে নিজেদের স্বাস্থ্য সুরক্ষা করছে। সবার উচিত ইয়োগা ব্যায়াম করা। পরে তিনি বাংলাদেশের নাগরিকদের সহজে ভারতীয় ভিসা পেতে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। #